মহালছড়িতে নিরাপদ ও নিয়মিত পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং পানি সরবরাহ ব্যবস্থার সঠিক রক্ষণাবেক্ষণ বিষয়ে একটি প্রশিক্ষণমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পানি সরবরাহ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে পানি ব্যবস্থাপনায় দায়িত্বশীল ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় ফিল্ড ফেসিলেটেটর অজিত মারমা সভাপতিত্ব করেন। সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্পেশালিষ্ট ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ কুমার সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় পাড়া কারবারি প্রদ্বীপ কুমার চাকমা এবং ইউপি সদস্য রিগেন চাকমা।
প্রধান আলোচক ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ কুমার সরকার পানি সরবরাহ ব্যবস্থার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরে বলেন, শুধু পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করলেই হবে না, এর সঠিক ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সময়ে ত্রুটি মেরামতের বিষয়েও গুরুত্ব দিতে হবে। পানি সরবরাহ ব্যবস্থার যেকোনো সমস্যা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে দীর্ঘদিন পর্যন্ত এর সুফল পাওয়া সম্ভব।
তিনি পানি সংরক্ষণ, অপচয় রোধ এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন উপকরণ যত্নসহকারে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় জনগণকে পানি সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণে সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পাড়া কারবারি প্রদ্বীপ কুমার চাকমা বলেন, স্থানীয় পর্যায়ে পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ উল্লেখ করে তিনি এর অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ইউপি সদস্য রিগেন চাকমা বলেন, মানুষের দৈনন্দিন জীবনে নিরাপদ পানির গুরুত্ব অপরিসীম। পানি সরবরাহ ব্যবস্থায় কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সংশ্লিষ্টদের জানানো এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে ব্যবস্থা সচল রাখা প্রয়োজন।
সভায় পানি সরবরাহ ব্যবস্থার ব্যবহারবিধি, রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা, সম্ভাব্য সমস্যা চিহ্নিতকরণ, ত্রুটি দেখা দিলে করণীয় এবং স্থানীয় জনগণের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা করা হয়।


















