খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে সংস্থাটির এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা অবসানে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুন, বেঁচে যাওয়া ব্যক্তিদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বরূপ মুহুরি। সভায় সভাপতিত্ব করেন ওমেন রিসোর্স নেটওয়ার্কের সদস্য প্রতিনিধি কাকলী খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি দীপক সেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থার (এফইআরবি) প্রজেক্ট ম্যানেজার বিপ্লব চাকমা। সভা সঞ্চালনা করেন উপজেলা এমপাওয়ারমেন্ট প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সোনিয়া দাশ। এ সময় মহালছড়ি উপজেলার চারটি ইউনিয়ন থেকে আগত সিসিএম সদস্য, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নারীর নিরাপত্তা, মর্যাদা, অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি, শোষণ, ধর্ষণ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সহিংসতার শিকার নারী ও শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা, আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা, সংশ্লিষ্ট প্রতিরোধ কমিটিগুলোর সক্রিয়তা এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের পরিচয় ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে তাদের পাশে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃত্ব, যুবসমাজ, নারী সংগঠন, গণমাধ্যম ও নাগরিক সমাজের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ১৬ দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচির লক্ষ্য নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সম্মিলিত উদ্যোগ জোরদার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করা।
তৃণমূল উন্নয়ন সংস্থার এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মহালছড়িতে নারী ও শিশুদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।


















