খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী যুবলীগ মাইসছড়ি ইউনিয়ন শাখার দুই নেতাকে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুসলিম পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে মামলা এজাহার সূত্রে জানা যায়।
আটক ব্যক্তিরা হলেন, মাইসছড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বদিউজ্জামান তিনি মানিকছড়ি মুসলিম পাড়ার মো. বিলাল হোসেনের ছেলে ও অপরজন একই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মো. আব্দুল হালিম তিনি একই এলাকার মো. আব্দুল লতিফের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তাদের বিষয়ে থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে যথাযথ তদন্ত শেষে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


















