রাঙামাটির কাপ্তাইয়ে অভিনব কৌশলে ট্রাকে লুকিয়ে পরিবহনের সময় ৪৫০টি অবৈধ মিত্তিঙ্গা বাঁশ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। আটক করা বাঁশের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, দেশের প্রাকৃতিক বনজ সম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে বনজ সম্পদ পাচার ও পরিবহন প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ ঢংছড়ি বিজিবি ক্যাম্পের চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় একটি ট্রাকে তল্লাশি চালান বিজিবির টহল দলের সদস্যরা। এ সময় ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৫০টি মৃত্তিঙ্গা বাঁশ উদ্ধার ও আটক করা হয়।
বিজিবি জানায়, বনজ সম্পদের অবৈধ আহরণ ও পরিবহন পরিবেশের ভারসাম্য এবং প্রাকৃতিক জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত চেকপোস্টে তল্লাশি, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করে আসছে।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) আরও জানায়, দেশের প্রচলিত আইন ও বিধিবিধান সমুন্নত রাখা, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং প্রাকৃতিক বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















