রাঙামাটির নানিয়ারচরে কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে সহকর্মীর দা দিয়ে এলোপাতাড়ি কোপানোর ঘটনায় মো. ইসমাইল নামের এক কিশোর জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় সুনীল দাশ (৫০) ও নুর মোহাম্মদ নামে আরও দুজন গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত মো. পারভেজকে আটক করে পুলিশে দিয়েছে স্হানীয়রা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের হাতিমারারমুখ-কাঁঠালবাগান সংলগ্ন কাপ্তাই হ্রদের তীরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মো. পারভেজকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযিক্তকে গ্রেপ্তার ও একটি ধারালো দা উদ্ধার করে। নিহত ইসমাইল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দিঘিরপাড়া এলাকার নুরু আলমের ছেলে। গ্রেপ্তার হওয়া অভিযুক্ত মো. পারভেজ (২২) একই উপজেলার আঞ্জুমানপাড়া এলাকার বাসিন্দা।
পরে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে আহত সুনীল দাশের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে আহত নুর মোহাম্মদের চিকিৎসা চলছে।
আহত নুর মোহাম্মদের বলেন, তারা সবাই একসাথে কাপ্তাই হ্রদে মাছ ধরা শেষে বোটের মধ্যে একসঙ্গে ভাত খেতে বসেছিলেন। এ সময় মো. পারভেজ ধারালো দা নিয়ে এসে তাদের ওপর এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। হামলার সময় সবাই প্রাণ বাঁচাতে ছোটাছুটি করেন। দুইজন নদীতেও ঝাঁপ দেন। এ সময় দায়ের কোপে ইসমাইল ঘটনাস্থলেই মারা যান।
নুর মোহাম্মদ আরও বলেন, মাছের জাল তোলার সময় পারভেজ তার মায়ের সঙ্গে মুঠোফোনে ঝগড়া করেছিলেন। পরে জাল তোলা শেষে তারা ভাত খেতে বসলে পারভেজ ভাত না খেয়ে দা নিয়ে এসে তাদের ওপর হামলা করেন।
আহতদের সঙ্গে হাসপাতালে আসা কয়েকজনের জানান, পারভেজ বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন। তারা তাকে মানসিক ভারসাম্যহীন বলেও উল্লেখ করেন। তাদের ভাষ্য, পারভেজের মা তাকে চিকিৎসার জন্য একজন হুজুরের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম জানান, এ ঘটনায় পারভেজ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


















