চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকালে বিদ্যালয়ের হলরুমে আড়ম্বরপূর্ণ ও আবেগঘন পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদিয়া নওরীনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অভিলাষ মজুমদারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মৌ মল্লিক (বি এ)।
এ সময় বিশেষ অতিথি ও শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাকি চৌধুরী, মাহমুদা বেগম ও শম্পা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন পরীক্ষার সাফল্য কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদিয়া নওরীন। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থী ছাড়াও অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে শুভেচ্ছা উপহার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


















