আন্তর্জাতিক মেয়েশিশু দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে কুইজ প্রতিযোগিতা, র্যালি, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, বাল্যবিবাহ প্রতিরোধে অঙ্গীকার, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা উন্নয়ন এর মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্প ( WGEIE) উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বছরের দিবসের প্রতিপাদ্য ‘বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়েশিশুর অধিকারে বিনিয়োগ করুন’। মেয়েশিশুদের জন্য বৈষম্যহীন, নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ গড়ে তোলা এবং তাদের অধিকার সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা। এসময় তিনি বলেন, মেয়েশিশুরা আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ, তাই তাদের সুরক্ষা, শিক্ষা ও অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
বাল্যবিবাহ বন্ধ করে মেয়েশিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে হবে। মেয়েশিশুদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করে গড়ে তুলতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু এর সভাপতিত্বে শিক্ষক মো: ইব্রাহিম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকরাম হোসেন বেলাল,কাপ্তাই থানার উপ পরিদর্শক মো হেলাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উপজেলা এডুকেশন ফেসিলেটর মংসিং উ মারমা ও মহিউদ্দিন মহিম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সুপার সালেহ আহমেদ সেলিম।
আয়োজকেরা মনে করছেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি মেয়েশিশুদের অধিকার রক্ষা, শিক্ষা নিশ্চিত করা এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার হবে।


















