আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় জুরাছড়ি জোনের উদ্যোগে’ হেডম্যান ও কারবারী সম্মেলন- ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন জুরাছড়ি জোনর নবাগত জোন কমান্ডার বিএ-৭৪১৬ লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার আলম, পিএসসি এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন বিদায়ী জোন কমান্ডার বিএ-৭৬৯৪ লেঃ কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি।
উক্ত সম্মেলনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা রিসোর্স অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা, অফিসার ইনচার্জ, জুরাছড়ি থানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বেসামরিক প্রশাসনের জনপ্রতিনিধি, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ২৪ জন হেডম্যান, ১১৩ জন কারবারী অংশগ্রহণ করেন। জোন কমান্ডার অনুষ্ঠানে আগত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সম্মেলনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন।
জোন কমান্ডার বলেন ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তির পর সেনাবাহিনী নিরবিচ্ছিন্নভাবে পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে জনজীবনকে আরও সুদৃঢ় করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। হেডম্যান, কারবারী এবং সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব।
জোন কমান্ডার আরও বলেন, পাহাড়ের সার্বিক উন্নয়নের জন্য জুড়াছড়ি জোন সদা প্রস্তুত এবং সকল জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। তিনি সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতা কামনা করেন।
চাঁদাবাজি প্রতিরোধে সেনাবাহিনী সর্বদা সোচ্চার ও দৃঢ়প্রতিজ্ঞ। পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি নির্মূলে জোন কমান্ডার উপস্থিত সকলের প্রতি সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান। তিনি চাঁদাবাজি প্রতিরোধে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা এবং প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে, তরুনদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান। এছাড়াও, সশস্ত্র গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করার মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এই জোন হতে নিয়মিত পাহাড়ি-বাঙালী জাতিবর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি অনেকের আবেদনের প্রেক্ষিতে তাদের কষ্ট লাঘবের নিমিত্তে এই জোন আর্থিক সহায়তা প্রদান করে আসছে।
এছাড়াও, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় জুরাছড়ি জোন কর্তৃক যে সকল অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয় সে সকল পেট্রোলকে সহযোগিতা করার জন্য জোন কমান্ডার হেডম্যান-কারবারিদের নির্দেশনা প্রদান করেন।
মেজর আলী ইমরান খান এর সঞ্চালনায় হেডম্যান করুনাময় চাকমা, মগবান মৌজার হেডম্যান সুজিত দেওয়ান, ৩নং দুমদুম্যা ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমা সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী হেডম্যান ও কারবারীদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও রক্ত পরীক্ষা, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ট্যাবলেট এবং প্রাথমিক চিকিৎসার উপকরণ বিতরণ করা হয়।
জাকজমকপূর্ণ এই অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের আয়োজন এবং জোনের পক্ষ থেকে সম্মানী প্রদানের মাধ্যমে দুপুর ১৩:৩০ ঘটিকায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


















