কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রাঙামাটি জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ রবিবার সকালে রাঙামাটি জেলা যুবদলের উদ্যোগে শহরের কাঠালতলীস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি রাঙামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরুপা এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুর নবী, সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, সিনিয়র যুগ্ন সম্পাদক নাজিম উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব কামাল উদ্দিন ও সদর উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন।
বক্তারা বলেছেন, দেশের মানুষের শান্তি,গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় আমরা সবসময় রাজপথে সোচ্চার থাকব।আওয়ামীলীগের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে যুবদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। কোনো ধরনের বিশৃঙ্খলা নয়, আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচির মাধ্যমে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব। দেশ ও জনগণের স্বার্থে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মিছিল ও সমাবেশে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


















