রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্স ও ফুটবল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিল থেকে এসব শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়। চার নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জনের দিকে মনোযোগী হতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, নজরুলের কবিতা আবৃত্তি ও সংগীতচর্চায়ও অংশ নেওয়া উচিত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহ চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, ইউপি সদস্য মো. ইমান আলী ও মহিম উদ্দিন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্সের পাশাপাশি একটি ফুটবল পেয়ে আনন্দ প্রকাশ করে।


















