নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ বুধবার রাঙামাটিতে শুরু হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স-এ দুদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

এ সময় অন্যান্যর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, ওসি (ডিবি), এইচ.এম. মাহমুদ সহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনে বলা হয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দক্ষতা প্রদর্শনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষে পুলিশকে কাজ করতে হবে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় জনগণের প্রতি বিনয়ী আচরণ, আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থান এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানানো হয়।
দুদিন ব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন ইউনিট থেকে ৫০ জন পুলিশ সদস্য অংশ গ্রহন করেন।


















