রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই আল-আমিন দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শিক্ষানুরাগী মোহাম্মদ আনিছুর রহমান। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাঁর সভাপতিত্বে মাদ্রাসাটির এডহক কমিটি অনুমোদন দিয়েছে।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সভাপতি মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অনুমোদিত এ কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাস। কমিটির অন্য সদস্যরা হলেন মোহাম্মদ সাহাব উদ্দীন ও মোহাম্মদ আব্দুল কাদের। এ ছাড়া মাদ্রাসার সুপার বা ভারপ্রাপ্ত সুপার কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে এ কমিটি অনুমোদন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এডহক কমিটির মেয়াদকালের মধ্যে বিধি মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি মাদ্রাসার পরীক্ষার ফলাফল গুণগত ও সংখ্যাগত দিক থেকে সন্তোষজনক রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কমিটিকে দায়িত্ব পালন করতে হবে।
মোহাম্মদ আনিছুর রহমানের এ মনোনয়নের মধ্য দিয়ে কাপ্তাই আল-আমিন দাখিল মাদ্রাসার পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে নতুন কমিটি দায়িত্ব পালন করবে।


















