রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, ৩৭ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক হাছান আলী, বিজিবির সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ সাজু।
মোড়ক উন্মোচন শেষে আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর কপি তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।
বিদ্যালয়ের এই উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিন্তাভাবনা ও প্রতিভা বিকাশের পাশাপাশি শিক্ষা ও সাহিত্যচর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


















